রাত পোহালেই এইচএসসি পরীক্ষা। পরীক্ষার্থীরা যখন প্রস্তুতি নিতে ব্যস্ত, ঠিক সেই সময় প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রী কলেজের ২৫ জন পরীক্ষার্থী। টাকা দেওয়ার পরও ফরম পূরণ না হওয়ায় তারা প্রবেশপত্র পাননি। এতে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাদের।
পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে শনিবার (২৯ জুন) দুপুরে কলেজের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী শিরিন, শিলা, রুকশানা,আরিফ অভিযোগ করে বলেন, কলেজের ল্যাব সহকারী মো. সাবুকে ২৫ জন শিক্ষার্থীর ফরম পূরণের টাকা দেওয়ার পরেও ফরম পূরণ করেননি। শুক্রবার থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ল্যাব সহকারী সাবু।
এ বিষয়ে কলেজ কতৃর্পক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
