মৃত্যুর পর অঢেল সম্পদ নিয়ে নতুন সিদ্ধান্ত বাফেটের

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তার মৃত্যুর পর ধনসম্পত্তির ভাগ-বাঁটোয়ারা কীভাবে হবে, তা প্রকাশ করেছেন। এ ব্যাপারে তিনি তার আগের সিদ্ধান্ত পাল্টে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন। ৯৩ বছর বয়সী বাফেট যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান। গত সপ্তাহের এক হিসাব অনুসারে, ওয়ারেন বাফেটের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫০০ কোটি ডলার। 

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বাফেট জানিয়েছেন, তিনি আবারও উইল পরিবর্তন করেছেন। তিনি মারা যাওয়ার পরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে অনুদান আর দেওয়া হবে না। তিনি তার তিন সন্তানের তত্ত্বাবধানে একটি নতুন দাতব্য ট্রাস্টে তার সম্পদ রাখবেন।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বাফেট বলেন, আমার মৃত্যুর পর গেটস ফাউন্ডেশনের কাছে আর কোনো অনুদান যাবে না। অবশ্য মৃত্যুর আগপর্যন্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে অনুদান জুগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বাফেট।

কয়েকবারই উইলে পরিবর্তন এনেছেন বলে উল্লেখ করেন বাফেট। তিনি জানান, সন্তানদের মূল্যবোধ এবং কীভাবে তারা সম্পদের বণ্টন করবে, সে ব্যাপারে তার আস্থা আছে। আর এ কারণেই তিনি নতুন করে উইলে পরিবর্তন এনেছেন। বাফেটের প্রত্যেক সন্তানেরই নিজস্ব জনহিতকর সংস্থা আছে। বাফেট বলেন, আমার তিন সন্তানের মূল্যবোধগুলো আমার কাছে খুব, খুব ভালো বলে মনে হয়। কীভাবে কী করবে, তা নিয়ে তাদের ওপর শতভাগ আস্থা আছে।

এর আগে বাফেট তার উইলে উল্লেখ করেছিলেন, তার সম্পত্তির ৯৯ শতাংশের বেশি অংশই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং নিজের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি দাতব্য সংস্থার জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে। ওই চারটি দাতব্য সংস্থা হলো: সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।

সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজম্যান বলেন, ১৮ বছরের বেশি সময় ধরে অনুদান ও পরামর্শ দিয়ে ওয়ারেন বাফেট গেটস ফাউন্ডেশনের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছেন। এ পর্যন্ত উপহার ও অনুদান হিসেবে আমাদের সংস্থাকে তিনি যে ৪ হাজার ৩০০ কোটি ডলার দিলেন, তার জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত