২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। রবিবার (৩০ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, আগে এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু করা হলেও করোনার কারণে ঠিকসময়ে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী বছর এপ্রিলেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারাও মনে করেন জুন-জুলাই মাসে বর্ষা থাকে। এ সময়ে পাবলিক পরীক্ষা নেয়ার জন্য খুব উপযুক্ত সময় নয়। কিন্তু করোনার কারণে পিছিয়ে থাকায় কিছু করারও ছিল না। তবে তারা আশাবাদী, আগামী বছর থেকে আবারও প্রায় স্বাভাবিক সময়ের মতো পরীক্ষা নেয়া যাবে।
এদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ (রবিবার)। সকাল ১০টায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী এদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় এ পরীক্ষা।
তবে বন্যার কারণে সিলেট এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এসব বোর্ডে ৯ জুলাই থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো যথারীতি হবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।
সাগরে ভাসা বোতলের পানিকে মদ ভেবে পান, ৪ জেলের মৃত্যু
সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহকরা!