দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতি কোনো সহানুভূতি নয়: মন্ত্রিপরিষদসচিব

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:০১ পিএম

দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের প্রতি কোনোভাবেই সহানুভূতি দেখানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হয়ে পড়ছেন বলে গণমাধ্যমে সংবাদ আসছে। এদের বিষয়ে সরকার কোনো ধরনের সহানুভূতি দেখাবে না।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।‌ মন্ত্রিসভা বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিব বলেন, দুর্নীতির সাথে কোনো সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতি তো সবাই করে না। যারা দুর্নীতি করছে, সরকারের নজরে এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের পুরো মেকানিজম মিলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে যত্ন ও স্বচ্ছতার সঙ্গে পাস হওয়া নতুন অর্থবছরের (২০২৪-২৫) বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। রবিবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত