বান্দরবানের থানচিতে বাবা-মায়ের সঙ্গে বাজারে যাওয়ার সময় নদীতে নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, উপজেলার তিন্দু ইউনিয়নের হরিশ চন্দ্রপাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরা (১০)। অপরজন একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফুলবাণী ত্রিপুরা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টায় হরিশ চন্দ্র পাড়া থেকে নৌকা যোগে শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা বাবা মায়ের সঙ্গে থানচি সদরে যাচ্ছিল। ঝিঁড়িটির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে পৌঁছতে পারলেও দুই শিক্ষার্থী নিখোঁজ হয়।
আরও জানা যায়, তাদের দুজনের বাড়ি দুর্গম পাহাড়ে হরিশ্চন্দ্রপাড়ায়। একটি মিশনারি ছাত্রীনিবাসে থেকে উপজেলা সদরের কাছাকাছি টিমংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা। বুধবার বিদ্যালয় খুলবে, তাই তারা ছাত্রীনিবাসে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে।
তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, দুই শিক্ষার্থী বাবা-মায়ের সঙ্গে থানচি যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের থানচি স্টেশন কর্মকর্তা তরুণ জ্যোতি বড়ুয়া বলেন, প্রবল বৃষ্টি ও সাঙ্গু নদের পানি বেড়ে যাওয়ায় ঘটনাস্থলে যাওয়া যাচ্ছে না। আগামীকাল মঙ্গলবার সকালে যাওয়া হবে। নেটওয়ার্ক খারাপ হওয়ায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
বান্দরবান জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুবে দুই স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
