বজ্রঝড়-লঘুচাপ-নিম্নচাপ-তাপপ্রবাহ-বন্যা— সবই হতে পারে জুলাইতে

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২:০৮ পিএম

চলতি জুলাই মাসে বৃষ্টিপাত, বজ্রঝড়, লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সংস্থাটি বলছে, চলতি জুলাই মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে তিন থেকে চার দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারা দেশে পাঁচ থেকে ছয় দিন বিজলিসহ হালকা বজ্রঝড় হতে পারে। 

সোমবার (১ জুলাই) 'জুলাই-২০২৪' মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে’ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসে এক বা দুটি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। 

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, জুলাই মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসিএস, ইসিএমডাব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই, এপিসিসি, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, উর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই ইত্যাদির যথাযথ বিশ্লেষণ পূর্বক এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত