হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান নৃত্য পরিচালক আজিজ রেজা। তার অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেতা সাইফ খান।
তিনি বলেন, ‘আজিজ ভাইয়ের বুকে ব্যথা উঠলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার এনজিওগ্রাম চলছে। চিকিৎসকরা ধারণা করছেন তার হার্টে একটি ব্লক আছে। তাকে দ্রুতই হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হবে।’
ঢাকাই সিনেমার অসংখ্য নায়ক-নায়িকার নৃত্যগুরু আজিজ রেজা। শাকিব খানকে তিনিই এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন। এই শীর্ষ নায়কের ক্যারিয়ারে রেজার অবদান অনন্য। সিনেমার নৃত্য পরিচালনার পাশাপাশি তার নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানও আছে। আজিজ রেজা এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
