হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের কেবিন থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৪২০ গ্রাম ওজনের ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ওমান থেকে আসা একটি উড়োজাহাজের লাগেজ রাখার কেবিন থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।
বুধবার (৩ জুলাই) সকালে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।
জানা গেছে, ভোর সাড়ে ৫টায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি টিম ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট নং ওভি-৪৯৭ এ অভিযান চালায়। এ সময় প্লেনের সিট নং ২ (ডি-ই-এফ) ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বস্তু দুটি কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ কেটে সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। উদ্ধার করা সোনার বারের বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
জব্দ করা সোনা কাস্টমসের গুদাম জমা দেওয়া দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
