ইউএনওসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে উকিল নোটিশ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০২:৫৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন ডিসিআরকৃত জমির দোকান ঘর বিনা নোটিশে অবৈধভাবে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ডিসিআর মালিক মো. আব্দুল হাই জেলা জজ কোর্ট এর আইনজীবী মো. মোস্তফা কামাল এর মাধ্যম্যে মঠবাড়িয়া ইউএনওসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে নোটিশ করেছেন। অন্যান্য কর্মকর্তারা হলেন- সহকারী কমিশনার (ভূমি), নাজির ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা মঠবাড়িয়া। 

বুধবার (৩ জুলাই) দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল হাই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

উকিল নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে আব্দুল হাই শহরের অ-কৃষি সরকারি ভিটি কেস নং ৫ (এম) ৭৫-৭৬ অনুবলে লিজ গ্রহণ করিয়া আধাপাকা দোকান উত্তোলন করিয়া ৫০ বছর ধরে ব্যবসা করে আসছিলেন। কিন্তু কোনো প্রকার নোটিশ ছাড়াই গত ২৫ জানুয়ারি ওই ব্যবসা প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দোকান মালিকের ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল হাই বলেন, ১৯৯৮ সালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত একটি আদেশে উল্লেখ করেন, বৈধ লাইসেন্স ধারীদের বিকল্প পজিশনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না। তিনি ক্ষোভের সাথে আরও বলেন, আমার লাইসেন্স নবায়নের আবেদন করলে ভূমি অফিসের নাজির মো. রাসেল মিয়া আমার পজিশনের অর্ধেক দাবী করেন। এবং ভূমি উপ-সহকারী সাইদুর রহমান আড়াই লাখ টাকা দাবী করেন। তাদের দাবীকৃত সুবিধা না দেয়ায় গত দু বছর আগে আমাকে ঘুরাইতে থাকেন। এক পর্যায় বিনা নোটিশে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে নাজির মো. রাসেল মিয়া ও ভূমি উপ-সহকারী সাইদুর রহমান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ুম বলেন, এ সংক্রান্ত কোনো প্রকার নোটিশ তিনি পান নি। ইউএনও আরও বলেন, সরকারের বিধি ও নিয়মের বাহিরে কোনো প্রকার কাজ করার সুযোগ নেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত