চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এই রায় দেন।
দণ্ডিত আসামির নাম মো. জামাল উদ্দীন। বিষয়টি নিশ্চিত করে মহানগর আদালতের পিপি আবদুর রশিদ জানান, স্ত্রী পারভিন আক্তারকে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি পারিবারিক কলহের জেরে নগরের বাকলিয়া থানাধীন বাস্তুহারা এলাকার মসজিদ গলির ভাড়া বাসায় পারভিন আক্তারকে হত্যা করেন জামাল উদ্দীন। প্রতিবেশীরা খবর দিলে পুলিশ দরজা ভেঙে পারভিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাকলিয়া থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার (৩ জুলাই) ওই রায় দেন আদালত।
