প্রয়াত ১০৫ বিচারপতি-আইনজীবীকে স্মরণ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:৫০ পিএম

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের প্রয়াত বিচারপতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) প্রয়াত সদস্যদের স্মরণে ফুল কোর্ট রেভারেন্স (শ্রদ্ধা) সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব নির্ধারিত এ সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসে (প্রধান বিচারপতির আদালত) অনুষ্ঠিত হয়। এতে ২০২২ সাল থেকে ২০২৪ এর জুন পর্যন্ত প্রয়াত ৬ জন বিচারপতি ও ৯৯ জন আইনজীবীর কর্মজীবন স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সভা শেষে তাদের স্বরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

সভার আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয়জন বিচারক এজলাসে তাদের আসনে বসেন। একই সঙ্গে হাইকোর্টের সকল বিচারক এজলাসে বসে সভায় অংশ নেন। বিপুল সংখ্যক আইনজীবী এ সময় উপস্থিত ছিলেন। প্রথমে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন সংক্ষিপ্তাকারে প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বিচারপতি ও আইনজীবীদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। দুজন প্রয়াতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

প্রধান বিচারপতি প্রয়াতদের কর্মময় জীবনের ওপর আলোচনা করে বলেন, ‘আমরা যাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এই সর্বোচ্চ আদালতে সমবেত  হয়েছি, এই পৃথিবীর ক্ষণস্থায়ী ভ্রমণ শেষ করে তারা মহাকালের অংশ হয়ে গেছেন। কিন্তু তাদের আদর্শ, নৈতিকতা আর মানবসেবার আভায় উজ্জ্বল হয়ে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।’

তিনি বলেন, ‘যারা চলে গেছেন তাদের জীবনাদর্শে উব্দুদ্ধ হয়ে আমরা যদি একটি আদর্শ বিচারব্যবস্থা এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে একতাবদ্ধ হতে পারি তবে সেটাই হবে তাদের স্মৃতির প্রতি  আমাদের সর্বোৎকৃষ্ট শ্রদ্ধা নিবেদন।’ প্রধান বিচারপতি প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত