মতিউর ও তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন

  • মতিউরের প্রথম স্ত্রীর নামে একটি, দ্বিতীয় স্ত্রীর নামে দুটি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১০:০০ এএম

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের চারটি ফ্ল্যাট ও ১০১৯ শতাংশ জমি জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ হয়। 

জব্দ সম্পত্তির মধ্যে বরিশালের মূলাদী উপজেলায় মতিউরের নামে ১১৪ শতাংশ জমি, নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়নের মরজাল মৌজায় তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২ দশমিক ৫২ শতাংশ জমি, ছেলে আহমেদ তৌফিক অর্ণবের নাম ২৭৫ দশমিক ৮৭৫ শতাংশ জমি, মেয়ে ফারহানা রহমান ইপ্সিতার নামে ১০৬ দশমিক ৫৬ শতাংশ জমি। চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে একটি ফ্ল্যাট ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিভলীর নামে দুটি এবং মেয়ে ফারহানা রহমান ঈপ্সিতার নামে একটি ফ্ল্যাট রয়েছে। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনসহ হুন্ডি ও আন্ডারইনভয়েসিং/ওভারইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, অভিযোগ সংশ্লিষ্ট মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা করা হবে এবং পরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে।

এর আগে গত ২৪ জুন মতিউর, লায়লা কানিজ ও প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিক অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। কিছুদিন আগে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকার ছাগল কেনার বিষয়টি দেশ জুড়ে ব্যাপকভাবে আলোচনায় আসে। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউর ও তার পরিবারের অঢেল সম্পদের বিষয়টি উঠে আসতে থাকে। এখন পর্যন্ত তার দুই স্ত্রী, সন্তান, ভাইবোনসহ স্বজনদের নামে বেশ কয়েকটি জেলায় জমি, ফ্ল্যাট, শিল্পপ্রতিষ্ঠান, রিসোর্টের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া পুঁজিবাজারেও মতিউরের ব্যাপক বিনিয়োগ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত