খলনায়ক ফেলিক্স নয় ‘দুর্ভাগ্য’: পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১০:১৬ এএম

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে সব কটি শটই জালে জড়ান ফরাসিরা। পর্তুগালের তৃতীয় শটে জোয়াও ফেলিক্স বল মারেন পোস্টে। ওই একটি ভুলের সুযোগ নিয়ে ম্যাচ জিতে নেয় ফ্রান্স।

ম্যাচশেষে পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজ পাশে দাঁড়িয়েছেন প্রিয় শিষ্যের। আর ম্যাচ হারের পেছনে দুভার্গ্যকেই কারণ হিসেবে দেখছেন, ‘দলের সবাই পরস্পরের পাশে আছে এবং পেনাল্টিতে তারাই ব্যর্থ হয় না, যারা কখনও পেনাল্টি নেয় না। মূল ম্যাচে জোয়াও যথেষ্টই নিয়ন্ত্রণে ছিল, কঠোর পরিশ্রম করেই নিজেকে এই জায়গায় নিয়ে গেছে। পেনাল্টিতে গোল না করতে পারাটা স্রেফ দুভার্গ্য।’

ইউরো থেকে বিদায় নিলেও নিজের দলকে নিয়ে খুব গর্বিত মার্তিনেজ। বলেন, ‘আমরা হেরেছি, তবে গর্ব নিয়েই বিদায় নিচ্ছি। একজন সত্যিকারের পর্তুগিজের মতো প্রতিটি মুহূর্ত নিজেদের উজাড় করে দিয়েছি।’

মার্তিনেজ আশা দেখিয়েছেন ভবিষ্যত নিয়ে, ‘ব্যক্তিগত প্রতিভার ছড়াছড়ি এই দলে, সবারই তা চোখে পড়ার কথা। দল হিসেবেও তারা দারুণ একতা দেখিয়েছে এবং একসঙ্গে লড়াই করতে শিখেছে, জয়ের তাড়না দেখিয়েছে। এখানেই থামব না আমরা। ভবিষ্যতে আবার নিজেদের উজাড় করে দেব আমরা।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত