পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৫৬ পিএম

বগুড়ায় পানিতে ডুবে হিমা ও জান্নাত নামে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে শহরের ফুলবাড়ি ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাড়ে পাঁচ বছর বয়সী হিমা এবং আড়াই বছর বয়সী জান্নাত। বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে তারা।

নিহত দুই বোনের দাদি বিপা বলেন, সকাল ১০টা থেকে হিমা ও জান্নাত দুইবোন নিখোঁজ ছিল। পরে আমি, ওই দুই বোনের মা ও ফুফু মিলে তাদের খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকে এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত