কোটা আন্দোলনের চাপ মেট্রোরেলে

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:০২ পিএম

কোটাবিরোধী আন্দোলনের জেরে রাজধানীর বেশিরভাগ সড়কে তীব্র যানজট। আর এ কারণে অফিস শেষে মানুষ ঘরে ফিরতে গিয়ে পড়েছেন বিপাকে। দীর্ঘ সময় ধরে সড়কে গাড়ির অপেক্ষায় থাকা অনেকে আবার পায়ে হেঁটে চলছেন। তবে সড়কের যানজট এড়াতে যারা মেট্রোরেলে গন্তব্যে যেতে চাচ্ছেন তাদেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। যাত্রী চাপে মেট্রোরেলের গেট বন্ধ করতেও ব্যাপক সমস্যা হয়েছে।

রাজধানীর মিরপুর ১০ থেকে কারওয়ান বাজার স্টেশনে আসেন রিফাত হোসেন নামে এক চাকরিজীবী। তিনি বলেন, আজ মেট্রোরেলে অনেক চাপ। যাত্রীচাপে মেট্রোর অবস্থা বেহাল।

448865691_896112695890847_33403949536649764_n

বিজয় সরণি থেকে এক যাত্রী নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অন্যদিনের তুলনায় অনেক বেশি যাত্রীর চাপ ছিল মেট্রোরেলে। আগারগাঁও এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করায় রাস্তায় যানবাহন ছিল না। ফলে বেশিরভাগ মানুষ মেট্রোরেলে উঠছেন। যাত্রী চাপে গেট বন্ধ করতে বারবার সমস্যা হয়েছে। মাইকে বলা হয়েছে যদি কেউ উঠতে না পারেন অনুগ্রহ করে পরের ট্রেনে আসেন।’

প্রেসক্লাব স্টেশনে দেখা গেছে, ট্রেনে উত্তরার অভিমুখে যাওয়া এবং আগারগাঁওয়ের দিক থেকে আসা মানুষের প্রচুর ভিড়। ওপরে ওঠার সিঁড়িতে উঠতেই যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। ভেতরে টিকিট কাউন্টারে লম্বা লাইন। মেশিনে যারা টিকিট কাটছেন সেখানেও অনেক চাপ দেখা গেছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটাপদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু হয়েছে রবিবার বিকেল তিনটার দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত