দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা এবং আমিরাতের আজমান প্রদেশে বসবাস করতেন।
নিহতেরা হলেন— নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তাঁরা একই প্রতিষ্ঠানে কাজ করতেন।
বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্রেসিডেন্ট জিল্লুর রহমান জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ৫ প্রবাসী কাজের উদ্দেশ্যে আবুধাবি যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাঁদের বহন করা গাড়িটি আবুধাবি রোডে সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এরমধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন।