নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে ৬ ডাকাত গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ডাকাতরা হলেন—সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার পাকুড়তলা এলাকার মো. মোকাদ্দেছ (৬০), নওগাঁর মান্দা উপজেলার ঘাটকোর মধ্যপাড়ার এলাকার মিঠু (২৮), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকার নাঈম হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার বারইপাড়া মোল্লাপাড়া এলাকার হোসেন আলী (২০), সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোফরেখি মধ্যমপাড়া এলাকার মো. এমদাদুল (৪৫) এবং শাহজাদপুর উপজেলার বাচামারা গুচ্ছগ্রাম এলাকার মো. সুজন (২৫)।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ডাকাতদের কাছ থেকে একটি চাকু, ২টি হ্যাক্সো-ব্লেড, একটি দা, ৩টি লোহার রডসহ নানা সরাঞ্জম উদ্ধার করা হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা করা হয়েছে।
