বলিউডে পা রাখার দশ বছর হলো। ইতিমধ্যেই বি-টাউনের অতি জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন কৃতি শ্যানন। ‘মিমি’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। গেল বছরে খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থাও। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি নিজের ত্বকচর্চার ব্র্যান্ড নিয়ে পার করছেন ব্যস্ত সময়। সব মিলিয়ে এই মুহূর্তে অভিনেত্রীর জীবনে সাফল্যের পাল্লা ভারী।
এবার অভিনেত্রীর জীবনে নতুন এক সংযোজন। মহারাষ্ট্রের আলিবাগে ২০০০ বর্গফুটের একটি বাড়ি কিনলেন কৃতি। মান্ডোয়া সমুদ্রতট থেকে ২০ মিনিট দূরে কৃতির নতুন এই বাসস্থান। দক্ষিণ মুম্বাইয়ের সমুদ্রতট থেকে এই বাড়ির দূরত্ব এক ঘণ্টার।
জানা গেছে, বহু দিন ধরেই নাকি আলিবাগে নতুন বাসস্থান কেনার পরিকল্পনা ছিল তার। এরপর ২ কোটি রুপি দিয়ে নতুন বাড়ি কিনলেন অভিনেত্রী।
এরপর ভারতীয় সংবাদমাধ্যমে কৃতি শ্যানন বলেন, “আলিবাগের উপর আমার নজর ছিল বহু দিন ধরেই। আমি জানতাম, আমি কী চাইছি—শান্তি। ব্যক্তিগত পরিসরের পাশাপাশি আমি বিনিয়োগ করার কথাও ভাবছিলাম। এমন বিনিয়োগ দেখে আমার বাবাও মুগ্ধ। আলিবাগে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এটাই আলিবাগে বিনিয়োগ করার জন্য সেরা সময়।”
প্রসঙ্গত, শুধু কৃতিই নন, গত কয়েক মাসে বাসস্থানের জন্য বিনিয়োগ করেছেন আরও বেশ কয়েক জন তারকা। অমিতাভ বচ্চন ১০ হাজার বর্গফুটের একটি বাড়ি কিনেছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুটাও মন্দ হয়নি কৃতি শ্যাননের। ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে রোবট-এর চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে। তার পরেই প্রশংসা পেয়েছেন ‘ক্রু’ ছবিতে বিমানসেবিকার চরিত্রেও।
যে ক্রিকেটারের জন্য পাগল ছিলেন মাধুরী দীক্ষিত
পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি