ইরাকের প্রয়াত আইএস নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৫:৫১ পিএম

আমেরিকার সেনা অভিযানে নিহত আইএস (ইসলামিক স্টেট) সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রী আসমা ফাওজি মোহাম্মদ আল-কুবায়সির মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। ইয়াজিদি নারীদের আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়েছে। বুধবার ইরাকের একটি আদালত এই সাজা ঘোষণা করেন।

বিবিসির খবরে বলা হয়, বাগদাদির ‘প্রথম স্ত্রী’ আসমা আইএসের অন্দরে উম্মে হুদাইফা নামে পরিচিত। রানিয়া মেহমুদ তার আর এক ছদ্মনাম। বাগদাদির মৃত্যুর আগেই ২০১৮ সালের জুন মাসে সিরিয়া সীমান্তবর্তী এলাকা হাতায় প্রদেশ থেকে আসমাকে তুরস্কের সেনা গ্রেপ্তার করেছিল। পরে ইরাকের হাতে তাকে তুলে দেওয়া হয়। তার থেকে জঙ্গি সংগঠনটির ‘অভ্যন্তরীণ কার্যকলাপ’ সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল তুরস্কের সামরিক গোয়েন্দা সংস্থা।]

পশ্চিম বাগদাদের কার্খের ফৌজদারি আদালতের রায়ে বলা হয়েছে, ২০১৪ সালে নিনেভে প্রদেশের পশ্চিম প্রান্তের শিঞ্জর অঞ্চল এবং আশপাশের এলাকা দখল করে নিয়েছিল আইএস বাহিনী। সে সময় তারা হাজার হাজার ইয়াজিদিকে হত্যা এবং বন্দি করেছিল। অসংখ্য ইয়াজিদি নারীকে তারা জোর করে যৌনদাসী হতে বাধ্য করেছিল। আর শিঞ্জর অঞ্চল থেকে আইএস সেনাদের অপহরণ করে আনা ইয়াজিদি নারীদের আটকে রেখে অত্যাচার চালানোয় প্রত্যক্ষ ভূমিকা ছিল আসমার। এমনই এক নির্যাতিতা ইয়াজিদি নারীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে মৃত্যুদণ্ড হয়েছে আসমার। 

২০১৪ সালে সিরিয়া ও ইরাকের কিছু অংশের দখল নিয়ে সেখানে খিলাফত ঘোষণা করেন বাগদাদি। এর পাঁচ বছর পর ২০১৯ সালের অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা করে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের এক অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত