অনন্ত-রাধিকার বিয়ে: অতিথিদের যাতায়াতে শতাধিক বিমান

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৩১ পিএম

গত ৩ জুলাই থেকে সেজে উঠেছে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ি। দক্ষিণ মুম্বাইয়ের অল্টমাউন্ড রোডে ‘অ্যান্টিলিয়া’ নামে চার লক্ষ বর্গফুটের ২৭ তলা বাড়িটির সামনে এখন সব সময় তারকাদের ভিড়। উপলক্ষ্য ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। তিন ছেলের মেয়ে মধ্যে সবচেয়ে ছোট অনন্ত। সেদিক থেকে বাড়ির শেষ বিয়ে তাই কোনো কমতি রাখতে চাইছেন না মুকেশ ও নীতা আম্বানি। দু’টি প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান সেরে এ বার বিয়ের পালা। ১২ জুলাই অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে হাজির থাকবেন দেশ বিদেশের নামী তারকা এবং রাজনৈতিক ব্যক্তিরা। ইতিমধ্যেই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আমেরিকা থেকে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার মুম্বাইয়ে পা রাখবেন কিম কার্দাশিয়ান।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চাটার্ড বিমান। শোনা যাচ্ছে প্রতি ঘণ্টায় এই বিমানগুলোর ভাড়া ৭ লক্ষ ২০ হাজার রুপি।

এয়ার চার্টার সংস্থার সিইও রাজন মেহরা জানিয়েছেন, বিয়ের আসরে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আম্বানি পরিবার তার কোম্পানি থেকে তিনটি ফ্যালকন-২০০০ বিমান ভাড়া করেছেন। তিনি এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, অতিথিরা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং প্রতিটি বিমান সারা দেশে একাধিকবার যাতায়াত করবে।

তবে শুধু এই তিনটি জেটই নয়, আরও ১০০টি বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত