গোসলে নেমে নদীতে তলিয়ে গেলেন যুবক, ৮ ঘণ্টায়ও মেলেনি খোঁজ 

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৭:৪২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পোশাক কারখানার এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় তিনি এক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান। 

সংবাদ পেয়ে ডুবুরিদল এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ যুবকের নাম মো. আরিফ (২১)। তিনি সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলাকার সোবহানের ছেলে। স্থানীয় সিম্বা নামে একটি গার্মেন্টস কারখানার অপারেটর হিসেবে কাজ করতেন।

আরিফের বোন বিউটি বলেন, ‘আমার ভাই সকালে তার এক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। পরে খবর পাই, সে নদীতে নিখোঁজ হয়েছে।’ 

প্রতক্ষ্যদর্শীরা জানান, আরিফ ও তার বন্ধু সাইলো ঘাটে নোঙ্গর করা একটি জাহাজ থেকে নদীতে লাফ দেয়। পরে তার বন্ধু জাহাজে উঠতে সক্ষম হলেও আরিফ পানিতে তলিয়ে যায়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে ওই যুবককে উদ্ধারের চেষ্টা করছে ডুবুরিরা।’   

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সকাল থেকে উদ্ধারকাজ পরিচালনা করেছি। তবে সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত