যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় বন্দুকধারীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় তার ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।
এদিকে গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসিকে ওই কর্মকর্তা জানান, “আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।” তবে কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি।
হোয়াইট হাউসের এই কর্মকর্তা আরো বলেছেন, ‘ঘটনার বিষয়ে রোববার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রেসিডেন্ট বাইডেন হালনাগাদ তথ্য পাবেন।‘
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে হামলার শিকার হন। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলেই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।
মঞ্চে রক্তাক্ত অবস্থায় ট্রাম্প বললেন, ‘ফাইট ফাইট ফাইট’