কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কানিদাতা বেড়ে যাচ্ছে এবং তাদের ভুল পথে ধাবিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই। সেই ধরনের ঘটনায় ঘটছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪' উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উস্কানি দিয়েছে, কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটি তদন্ত হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না।
মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কোটা আন্দলোনকারীরা, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলা তদন্তের পর যদি এটার মেরিট না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখানে ২৪ ঘণ্টা, ১০ দিন, ২৪ দিন এগুলোর কোনো প্রশ্ন আসে না। তদন্তে যদি মামলার মেরিট থাকে তবে বিচার ব্যবস্থা শুরু হবে।
পুলিশের ব্যারিকেট ভেঙে আজও শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, এ পরিস্থিতিতে কি ব্যবস্থা নিবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যা করছে আমার মনে হয় তারা না বুঝেই করছে। এটা পরিষ্কার যে আদালত বলেছে এ বিষয়ে আগামী ৮ আগস্ট শুনানি হবে। আদালত তাদেরও (শিক্ষার্থীদের) অংশগ্রহণ করতে বলেছেন। কিন্তু এগুলো না করে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করছে৷
এ বিষয়ে সব কিছুই এখন বিচারবিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই, কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করবো- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গাড়ি থেকে নেমে দৌড় দেন যুবলীগ নেতা, ধাওয়া করে কোপাল দুর্বৃত্তরা
খাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী, ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেন যুবক