চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (আইআইউসি) সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়েছে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নানাভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। রাত নয়টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
