ঝিনাইদহে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হন শিক্ষার্থীরা। সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল পুলিশের বাধা উপেক্ষা করে লাঠি-সোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা লাঠি ও লোহার রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। ভাংচুর করে মাইক। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল সহকারে ফিরে যায়। হামলায় আন্দোলনকারী অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব ও সাধারণ সম্পাদক আল ইমরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেননি।
কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীর আবু হুরায়রা জানান, কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় শিক্ষার্থীরা। সেসময় ছাত্রলীগের নেতা কর্মীরা লাঠি-সোটা নিয়ে আমাদের উপর হামলা করে। এ হামলায় আমাদের ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন উদ্দীন জানান, সকালে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জড়ো হয়। সেময় ছাত্রলীগে নেতা কর্মীরা একটি মিছিল নিয়ে গেলে উত্তেজনা শুরু হয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরবর্তী সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
