গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আসুন, গণতন্ত্র রক্ষায় সবাই একসঙ্গে কাজ করি।’
স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বাইডেনের ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হয় বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি
তৃতীয়বারের মত করোনামুক্ত হওয়া ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এটাই জো বাইডেনের দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণ। সঙ্গতকারণেই তাঁর ভাষণের ওপর চোখ ছিল সারা বিশ্বের।
প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন জো বাইডেন।
তিনি বলেন, ‘আমি আমাদের মহান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অত্যন্ত অভিজ্ঞ, কঠোর পরিশ্রমী ও দেশ পরিচালনায় সক্ষম। তাঁকে ধন্যবাদ। তিনি আমার অবিশ্বাস্য অংশীদার ছিলেন।’
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন ও গণতন্ত্রের কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘রাজা নয়, বরং জনগণই শাসন করে আমেরিকা। জনগণের হাতেই সকল ক্ষমতা।’
জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ইতিহাস আপনার হাতে। ক্ষমতা আপনার হাতে। আমেরিকার ক্ষমতা আপনার হাতে। আসুন, গণতন্ত্র রক্ষার জন্য একসঙ্গে কাজ করি।’
বাইডেন বলেন, ‘নতুন ও তরুণ কণ্ঠের জন্য একটি সময় ও একটি জায়গা আছে। এখনই সেই সময়।’
এদিকে বাইডেন প্রার্থীতা প্রত্যাহারের পর নির্বাচনী প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির হেভিওয়েট নেতারা কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। জনমত জরিপগুলোয় রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন তিনি।
