অলিম্পিকের মহাসমুদ্রে সাগরের শুরু আজ

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম

নিজ যোগ্যতায় অলিম্পিকের টিকিট পাওয়া সাগর ইসলামের ইভেন্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এবারের অলিম্পিক। আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকের পর্দা উঠলেও আজই শুরু হয়ে যাচ্ছে আরচারি ইভেন্ট। 

সরাসরি যোগ্যতা অর্জনের চূড়ান্ত বাছাইয়ে বাজিমাত করা সাগর আজ তীর-ধনুকের পরীক্ষা দেবেন র‌্যাংকিং রাউন্ডে।

আজ তার লক্ষ্য থাকবে একটা ভালো স্কোর করে সেরা ১০ থেকে ২০-এর মধ্যে থাকার। তাতে নকআউট পর্বের শুরুতেই তিনি এড়াতে পারবেন সেরাদের। যা তার পরের পথটা মসৃণ করবে। যদিও দেশ ছাড়ার আগে ১৮ বছর বয়সী বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সাগর র‌্যাংকিং রাউন্ড নিয়ে একেবারেই চিন্তা না করার কথাই বলেছেন। 

সাম্প্রতিক সময়ে মুখোমুখি (নকআউট) রাউন্ডগুলোতে বেশ ভালো করেছেন সাগর। এ কারণেই প্রতিপক্ষ সামনে যেই আসুক, তার মোকাবিলার জন্য প্রস্তুত তিনি, ‘এটা ঠিক র‌্যাংকিং রাউন্ডে ভালো স্কোর করতে পারলে শুরুতেই বাঘা বাঘা প্রতিপক্ষদের এড়ানো যায়। তবে এটা মনে রাখতে হবে এখানে যে ৬৪ জন খেলবে, তারা প্রত্যেকেই শক্তিশালী। তাই এটা নিয়ে না ভেবে আমি নকআউট রাউন্ডের জন্য নিজেকে প্রস্তুত করেছি। আশা করছি দেশকে ভালো একটা কিছু দিতে পারব।’

সাগরকে ঘিরেই বড় প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের। আসছে দুদিনেই বোঝা যাবে তিনি কতটা কী করতে পারেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সাগরের বাংলাদেশের পতাকা বহন করার কথা রয়েছে। সাগরের ইভেন্টের তিন দিন পর, অর্থাৎ ২৮ জুলাই শুটার রবিউল ইসলাম ১০ মিটার এয়ার রাইফেল একক ইভেন্টের বাছাইয়ে অংশ নেবেন। বাছাই পেরিয়ে সেরা আটে উঠতে পারলে পরের দিন হবে ফাইনাল রাউন্ড। 

এরপর ৩০ জুলাই ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলের হিটে অংশ নেবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। ৩ আগস্ট সোনিয়া খাতুন পুলে পরীক্ষা দিতে নামবেন ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে। 

একই দিনে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে দৌড়াতে নামবেন টানা চারবারের দ্রুততম মানব ইমরানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত