অনুশীলনে নেইমার, মাঠে ফিরতে কত দেরি?

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম

চোটের কারণে দীর্ঘ ৯ মাস ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিল তারকা নেইমার। তিনি কবে মাঠে ফিরবেন তা এখনও পুরোপুরি নিশ্চিত করে বলা যায় না। তবে আগামী সেপ্টেম্বরের আগে তার মাঠে ফেরা হচ্ছে না বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আশার খবর হলো, ইতোমধ্যেই তিনি অনুশীলন শুরু করেছেন।

নেইমারের সৌদি ক্লাব আল হিলাল সোশ্যাল সাইটে কিছু ছবি আর ভিডিও প্রকাশ করেছে, যেগুলোতে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে। কোনো অস্বস্তিও ছিল না তার মাঝে। ফিটনেস ফিরে পেতে তিনি কঠোর অনুশীলন শুরু করেছেন। সব ঠিক থাকলে দ্রতই তিনি দলীয় অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে।

গত বছর গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সৌদি ক্লাবটির হয়ে কিছু করে দেখানোর আগেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। তার দেহে অস্ত্রোপচার করতে হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে তার ফেরার সম্ভাবনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত