প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই আর্জেন্টিনা বনাম মরক্কো ম্যাচে তুলকালাম হয়ে গেছে। খেলোয়াড়দের লক্ষ্য করে দর্শকদের বোতল-কাপ নিক্ষেপ, মাঠে ঢুকে পড়া, প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর গোল বাতিল- এসব নিয়ে ফিফার কাছে নালিশের পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তা চেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
গত বুধবার মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। একসময় যদিও মনে হচ্ছিল ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-২ সমতায় শেষ হতে যাচ্ছে। শেষ বাঁশি বাজার আগে ক্রিশ্চিয়ান মেদিনা স্কোরলাইন সমান করেন। ঠিক তখনই খেলোয়াড়দের লক্ষ্য করে কাপ, বোতল, ফ্লেয়ার নিক্ষেপ করতে থাকে সমর্থকরদের একটি অংশ। মরক্কোর জার্সি পরা অনেক সমর্থক মাঠেও ঢুকে যান। ম্যাচ বন্ধ হয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা পর খেলা শুরু হলে ভিএআরে অফসাইডের জন্য বাতিল হয় মেদিনার গোল। হেরে যায় আর্জেন্টিনা। ওই ঘটনার পর কোচ হাভিয়ের মাশ্চেরানো এটাকে 'সার্কাস' বলেছিলেন। ফিফার কাছে নালিশও করেছে এএফএ। এক বিবৃতিতে এএফএ বলেছে, “ফুটবলের মতো সুন্দর খেলাটির শান্তিপূর্ণ বিকাশের জন্য খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য আর্জেন্টিনা ফুটবল প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।”
অন্যদিকে আসরের শুরুতেই এমন অপ্রত্যাশিত কাণ্ডে বিব্রত আয়োজকেরা। গতকাল বৃহস্পতিবার তারা জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বাড়ানো হবে। সেইসঙ্গে দর্শকদের ভিড় ঠেকানোর বেষ্টনীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
যে কারণে কাউন্টিতে ছক্কা মারলে আউট
ফাইনালের আগে জ্যোতিদের ভারত চ্যালেঞ্জ