পরিস্থিতি স্বাভাবিকের অপেক্ষায় আছি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৭ এএম

দেশের চলমান সংকটে অনেকটাই ঘরে বসে সময় কাটিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মা ছবি সাহা অসুস্থ ছিলেন আড়াই মাস ধরে। এখন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এই অবসর সময়ে মায়ের সেবা করেছেন। স্বামী সনির সঙ্গে গল্প-আড্ডায় কেটেছে, এ ছাড়া আশপাশের আত্মীয়স্বজনের বাসাতে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আসলে এই হঠাৎ করেই অবসরটা পেয়ে গেলাম। মা অসুস্থ ছিলেন আড়াই মাস ধরে। তিনি বাসায় ফিরেছেন। তার সেবাযত্ন করেছি। মায়ের কাছে থাকাটা অত্যন্ত জরুরি ছিল। এ ছাড়া আমি যেখানে থাকি, আমার আত্মীয়স্বজন সব আশপাশেই থাকেন। তাদের বাসায় গিয়েছি, আড্ডা দিয়েছি। সনি বাসায় ছিল, তার সঙ্গে গল্প-আড্ডায় কেটেছে। এ ছাড়া মুভি দেখার যেহেতু সুযোগ ছিল না, তাই বই পড়ে বাকি সময় কেটেছে।’

মিম মনে করেন দ্রুত এই সংকটের সমাধান হওয়া দরকার। বললেন, ‘সবকিছু স্বাভাবিক হওয়া দরকার। অনেক মানুষের অনেক কাজ আটকে আছে। আমার বেশকিছু বিজ্ঞাপনের শুটিং থেমে আছে। জানেন তো আমি ১২টার মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজ শুরু করব। এর বাইরে ফটোশুট, বিলবোর্ডের কাজ রয়েছে। সব হুট করেই থেমে গেছে। এখন পরিস্থিতি ঠিক হওয়ার অপেক্ষা করছি।’

শোনা গিয়েছিল নতুন তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। এ বিষয়ে বললেন, ‘না তিনটি নয়। দুটি সিনেমার কথা ছিল। সবকিছু মোটামুটি এগিয়ে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ার ফলে সেসব আটকে গেছে। এখন সব ঠিক হলে বসে কাজ শুরু করব।’

শাকিব খানের সঙ্গে একটি ব্র্যান্ডের কাজ করছেন যৌথভাবে। বিভিন্ন আয়োজনে দুজনকে দেখা গেছে। নতুন চলচ্চিত্রে এই জুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে বললেন, ‘আমি এই ব্র্যান্ডের সঙ্গে দুই বছর ধরে যুক্ত আছি। আমি একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসাডর। অনেকেই যেটা বলে সেটা নয়। অনেকেই এর প্রতিটি আউটলেটের জন্য কাজ করেন। আর আমি যুক্ত হওয়ার পরে শাকিব ভাই এসেছেন। এখন স্বাভাবিকভাবেই দুজন মিলে কাজ করছি। অনেকগুলো আউটলেট উদ্বোধনের কথা ছিল, সেসব থমকে গেছে। আর সিনেমার বিষয়টা তো নির্ভর করে প্রযোজক, পরিচালকের ওপর।’

ইদানীং বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কলকাতার নায়িকাদের আধিক্য দেখা যাচ্ছে, দেশি নায়িকাদের কদর কমে যাচ্ছে বলেও শোবিজপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে। এই বিষয় মিম বলেন, ‘বিষয়টা তেমন নয়। আসলে যেসব প্রোজেক্ট হচ্ছে, সেসবে কারা বিনিয়োগ করছে সেটা দেখতে হবে। বাণিজ্যিক অনেক বিষয় মাথায় রাখতে হয়। আমরাও তো কলকাতায় গিয়ে কাজ করছি। ফলে এই আসা-যাওয়াটা আসলে থাকবেই।’

ভারতের নতুন কোনো চলচ্চিত্রে কাজ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে মিম বললেন, ‘এখনো তেমন কোনো আলাপ হয়নি। সর্বশেষ জিৎ-দার সঙ্গে মানুষ সিনেমায় কাজ করলাম। এর আগে সুলতান ছবিতে কাজ করেছি। আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়তাম তখন পর্দায় জিৎ-দার গানের পারফর্মের সঙ্গে নাচতাম। এখন তার সঙ্গেই অভিনয় করছি, এটা আমার কাছে দারুণ এক স্বপ্নের মতো ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত