'আমাদের সব সময়ই ভালো সম্পর্ক ছিল', নেতানিয়াহু সম্পর্কে ট্রাম্প

  • গাজায় চলমান যুদ্ধ নিয়ে ট্রাম্পের মনোভাব ও নীতি নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহু
  • নেতানিয়াহুর সঙ্গে বিরোধ নেই, সবসময় একটি ভালো সম্পর্ক ছিল- মন্তব্য ট্রাম্পের
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্লোরিডায় ট্রাম্পের মার–এ–লাগো রিসোর্টে এই দুনেতার বৈঠক হয়।

স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডায় গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ট্রাম্পের সাথে সাক্ষাৎ এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে পৃথক বৈঠক করেন যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী।

বিশ্লেষকদের মতে, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে মনোভাব ও নীতি কেমন হয়, সেটিই নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে শুভেচ্ছা জানান ট্রাম্প। বৈঠকের পর গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কমলা হ্যারিসের মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় তাঁর (কমলা) এমন মন্তব্য খুবই অসম্মানজনক।’

ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। বরং সবসময় তাঁদের মধ্যে একটি ভালো সম্পর্ক ছিল।

যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠক করেন। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে নেতানিয়াহুকে তাগাদা দেন বাইডেন।

অন্যদিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর কমলা হ্যারিস মন্তব্য করেছিলেন যে, গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না তিনি। এছাড়া ফিলিস্তিনের জনগণের দুর্দশা ও নিরাপত্তার নিয়েও উদ্বেগ জানিয়েছিলেন কমলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত