মেসিকে ছাড়াই লিগস কাপে জয়ে শুরু মায়ামির

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম

গেল মৌসুমে লিগস কাপ দিয়েই ইন্টার মায়ামির হয়ে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি। দলকে জিতিয়েছিলেন তাদের ইতিহাসের প্রথম শিরোপাও। কিন্তু এবার লিগস কাপে মায়ামির শুরুটা দর্শক সারিতে বসেই দেখতে হলো মেসিকে।

চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে আছেন মেসি। কবে ফিরবেন মাঠে তা এখনও জানায়নি আর্জেন্টিনা বা ইন্টার মায়ামি ক্লাব। লিগস কাপে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেসিকে ছাড়াই মায়ামি ২-০ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব পিউবলাকে।

মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।

স্ট্যান্ড বসেই সতীর্থদের খেলা উপভোগ করতে দেখা গেছে মেসিকে। যেখান থেকে শেষ পর্যন্ত হাসিমুখেই বাড়ি ফিরেছেন তিনি।

স্ট্যান্ডে বসে সতীর্থদের খেলা উপভোগ করেন মেসি।

ফ্লোরিডার চেস স্টেডিয়ামে পিউবলার বিপক্ষে বলদখল, আক্রমণে এগিয়ে ছিল মায়ামি। ৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোহা। ৭২ মিনিটে জর্ডি আলবার পাসে লুইস সুয়ারেজ গোল করলে ব্যবধান বাড়ে।

লিগস কাপে মায়ামি পরের ম্যাচ খেলবে ৪ আগস্ট আরেক মেক্সিকান ক্লাব টাইগ্রেস এর বিপক্ষে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত