ভারতে ট্রেন দুর্ঘটনা যেনো নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার ঝাড়খন্ডে একটি ট্রেনের ১৮টি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
উদ্ধার কাজ চলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ভোর ৪টার দিকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে বাদাবাম্বুর এলাকার কাছে লাইনচ্যুত হয় হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল।
ট্রেন লাইনচ্যুতের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দলগুলি, জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া উদ্ধার অভিযান চলছে এবং একটি এনডিআরএফ দল ঘটনাস্থলে যাচ্ছে বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন পশ্চিম সিংভূমের ডেপুটি কমিশনার কুলদীপ চৌধুরী।
রেলওয়ের সিনিয়র কর্মকর্তা ওম প্রকাশ চরণ জানিয়েছেন, এই ট্রেনের কাছাকাছি একটি পণ্যবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। তবে দুটি দুর্ঘটনা একই সাথে ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
তিনি আরও বলেন, ‘লাইনচ্যুত ১৮টি কোচের মধ্যে ১৬টি ছিল যাত্রীবাহী কোচ, একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা ও অন্য একটি ছিল প্যান্ট্রি কার।‘
আহতদের রেলওয়ের মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চক্রধরপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ট্রেনগুলো লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ খুঁজে বের করা হচ্ছে বলে জানান তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ওই রুটের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের রুট অন্য দিকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বাস ও অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
কেরালায় ব্যাপক ভূমিধসে নিহত ১৯