সাবেক দুই অধিনায়ককে নিয়েই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম

একজনের ক্যারিয়ার শেষের পথে, আরেকজনের মধ্যগগনে। দুজনেই বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক ছিলেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসেও তাদেরকে দেখা যাবে ‘এ’ দলে! এই দুই ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম আর মুমিনুল হক। পাকিস্তান এ দলের বিপক্ষে ঘোষিত ১৫ সদস্যে স্কোয়াডে রাখা হয়েছে তাদেরকে।

আজ বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ‘এ’ দলের সফরের দল ঘোষণা করা হয়।  যেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

তবে মুশফিক ও মুমিনুলকে শুধু প্রথম চার দিনের ম্যাচের দলেই রাখা হয়েছে। পরেরটিতে দেখা যাবে না। মূলত পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের সিরিজের আগে এই দুজনের প্রস্তুতি ঘাটতি পূরণ করতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ আগস্ট দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। তার আগে এই দুজনকে প্রস্তুত করতেই নাকি ‘এ’ দলে খেলানো হবে। আগামী ২১ অগাস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এরপর ও ৩০ অগাস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল। দুটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ‘এ’ দলের হয়ে পাকিস্তান গেলে জাতীয় দলের হয়ে টেস্ট সিরিজ শেষ করে ফিরবেন মুশফিক-মুমিনুল। শোনা গেছে, তাদেরকে নাকি এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা রাজি হননি।

প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড

এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

ওয়ানডে স্কোয়াড

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত