ফের রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:৪৬ পিএম

আরেকবার লা ডিফেন্সে অ্যারেনা মাতালেন লিওঁ মারশাঁ। ‘ফরাসি ফেলপস’ মারশাঁ কাল রাতে জিতেছেন ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা। 

প্যারিস অলিম্পিকের পোস্টার বয় মারশাঁ এর আগে জিতেছিলেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা। ওই ইভেন্টের মতো কালও নতুন অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছেন মারশাঁ। 

এবার টোকিওতে গড়া ক্রিস্তফ মিলাকের গড়া রেকর্ড ভেঙেছেন মারশাঁ। টোকিওতে হাঙ্গেরির মিলাক সময় নিয়েছিলেন ১ মিনিট ৫১.২৫ সেকেন্ড। 

মারশাঁ রেকর্ড ভাঙলেন ১ মিনিট ৫১.২১ সেকেন্ড সময় নিয়ে। মারশাঁর চেয়ে ০.৫৪ সেকেন্ড পেছনে থেকে রুপা জিতেছেন মিলাক। ব্রোঞ্জ পেয়েছেন কানাডার ইলিয়া খারুন।

এদিন আরও একটি অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন মারশাঁ। ২০০ মিটার বাটারফ্লাইয়ের সোনা জয়ের দুই ঘণ্টা পরেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনাও জিতলেন তিনি।

অলিম্পিক সাঁতারে একই দিনে দুটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিততে পারেননি রেকর্ড ২৩ সোনার মালিক ফেলপসও। এবারের অলিম্পিকে তৃতীয় সোনা জেতা মারশাঁ এর আগে জেতেন ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনাও। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ব্রেস্টস্ট্রোক জিততে মারশাঁ সময় নিয়েছেন ২ মিনিট ৫.৮৫ সেকেন্ড।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত