কুমিল্লায় সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ৬ লাশ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৭:১২ পিএম

কুমিল্লা নগরীর অশোকতলায় সাবেক কাউন্সিলর মো. শাহ আলমের তিনতলা বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুনে অন্তত ছয়জন নিহত হয়েছে। সোমবার রাত ও আজ মঙ্গলবার সকালে বাড়িটি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজনই কিশোর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আনুমানিক রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা অশোকতলায় কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলমের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে কয়েকজন বাড়িটির তিনতলায় উঠে পড়ে। এ সময় অন্যরা বাড়িটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। পরে তিনতলায় অবস্থানকারীরা ধোঁয়ায় শ্বাস বন্ধ এবং আগুনে পুড়ে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত একজন আইসিইউতে চিকিৎসাধীন।

নিহতরা হলেন নগরীর অশোকতলা এলাকার আশিক (১৪), শাকিল (১৪), শাওন (১২), মাহফুজুর রহমান  (২২), রনি (১৬) ও মহিন (১৭)। আজ বিভিন্ন সময় জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিকট থেকে তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ না করায় পুলিশ মরদেহ থানায় আনেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত