বিচারপতিদের পদত্যাগ চাইলেন ব্যারিস্টার খোকন

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম

শপথ ভঙ্গের অভিযোগ তুলে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পদত্যাগ না করলে সংশ্লিষ্ট বিচারপতিদের নাম প্রকাশ করা হবে বলে জানান তিনি। এ ছাড়া সংবাদ সম্মেলনে রাষ্ট্রের আইন  কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান সমিতির সভাপতি।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে খোকন বলেন, ‘গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গায় অনেক বিচারপতি যারা শপথ অনুযায়ী বিচার করেননি, তারা এখানে (সুপ্রিম কোর্টে) রাজনীতি করেছেন। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতিউৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনেক সম্পদ গোপন ছিল। তাকে খালাস দিয়ে দিয়েছেন। পাশাপাশি একই কোর্ট বিএনপি নেতা ইকবাল হোসেন টুকু, আমান উল্লাহকে সাজা দিয়েছেন। যারা এভাবে রাজনৈতিকভাবে বিচার করে শপথ ভঙ্গ করছেন, আমি দাবি জানাচ্ছি, আপনারা (বিচারপতিরা) বিচার করার অনপযুক্ত। যারা এসব করেছেন আমি অনুরোধ করব এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না হলে আমরা তাদের নাম বলে দেব।’

তিনি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্তবর্তী সরকারের পথ সুগম করতে অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের ৭ (ক) (খ) অনুচ্ছেদ বাতিল করেন। আমরা কেউ জরুরি অবস্থা চাই না। এ ছাড়া শেখ হাসিনা ও রেখ রেহানাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত