বঙ্গবন্ধু ও শেখ হাসিনা নিয়ে পোস্ট ডিলিটের হিড়িক

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:০৫ এএম

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশত্যাগের পরদিন গতকাল মঙ্গলবার ঢাকার দুই সিটি করপোরেশনেও দেখা গেছে ভিন্ন চিত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই মেয়রের কেউই অফিসে যাননি। এরই মধ্যে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস দেশত্যাগ করেছেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম দেশে থাকলেও গতকাল অফিসে আসেননি। একই সঙ্গে দুই মেয়রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশই গতকাল কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। যারা এসেছিলেন, তারাও দুপুরের আগেই নগর ভবন ত্যাগ করেন।

এদিকে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগসহ নানা বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ডিএসসিসি সংশ্লিষ্টরা বলছেন, এই সিটি করপোরেশনের সবাই এত দিন ‘জিম্মি’ ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মানুষের মতো এখানকার কর্মকর্তা-কর্মচারীরাও উল্লাস করছেন। কেউ কেউ মিষ্টি বিতরণ করছেন। এক কর্মকর্তার ভাষ্য, নতুন সরকার গঠনের পর মেয়রকে অব্যাহতি দেওয়ার আবেদন করবেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে ডিএসসিসির একজন বিভাগীয় প্রধান দেশ রূপান্তরকে বলেন, মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা থেকে শুরু করে বেশিরভাগ কর্মকর্তাই আজ (গতকাল) অফিসে অনুপস্থিত ছিলেন। যারা এসেছিলেন, তারাও দুপুরের আগেই চলে গেছেন। অনেকেই আবার হাজিরা দিয়েই বের হয়ে যান। দাপ্তরিক তেমন কোনো কাজ হয়নি। তবে বর্জ্য ও বিদ্যুৎ বিভাগ তাদের কিছু রুটিনওয়ার্ক করেছে, যা বন্ধের দিনও করতে হয়।

অন্যদিকে, ডিএনসিসির প্রধান কার্যালয়েও একই অবস্থা দেখা গেছে। গুলশান-২ নম্বরে নগর ভবনে বেশিরভাগ কর্মকর্তার কক্ষই ছিল তালা দেওয়া। মেয়র সেলে তিনজন অফিস সহায়ক ছাড়া আর কাউকে দেখা যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ইচ্ছা থাকলেও কেউ প্রতিবাদ করতে পারেনি। অনেকেই মুখ বুজে সব সহ্য করেছেন। কিন্তু এখন সব বদলে গেছে। তাই অনেকেই চুপ করে গেছেন। আবার কেউ কেউ ভয়ে আছেন।

আরেক কর্মকর্তার দাবি, ডিএনসিসিতে তেমন দলীয়করণ হয়নি। তাই অন্য প্রতিষ্ঠানের তুলনায় এখানে সমস্যা কম। সব ধরনের সেবা কার্যক্রম স্বাভাবিক আছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিক পরিবেশ ফিরতে কিছুটা সময় লাগবে।

এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেশিরভাগ সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীর ফেসবুকের প্রোফাইল ও কাভারে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। কিন্তু গতকাল (সোমবার) শেখ হাসিনার পদত্যাগের পর সেই ছবিগুলো পরিবর্তনের হিড়িক পড়েছে। অনেকেই বিভিন্ন দিবস উপলক্ষে দেওয়া নানা পোস্ট ডিলিট করে দিচ্ছেন। তা ছাড়া বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে দেওয়া নানা পোস্টও ডিলিট করছেন অনেকেই।

অন্যদিকে সিটি করপোরেশন দুটির আঞ্চলিক এবং বেশিরভাগ ওয়ার্ড কার্যালয়ও গতকাল বন্ধ ছিল। এরই মধ্যে অনেক কার্যালয় অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সেবা সংস্থায়ও গতকাল ছিল প্রায় একই দৃশ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত