শেখ হাসিনার সরকারের পতনের পর দেশব্যাপী শুরু হয়েছে নৈরাজ্য। দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে থানাগুলোতে শুরু হয়েছে হামলা। এতে অনেক পুলিশ সদস্যই প্রাণভয়ে থানা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন।
এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা। অভিনেত্রী আজমেরি হক বাঁধনকেও দেখা গেছে দা-বটি হাতে।
ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন বাঁধন। ফেসবুক স্টোরিতে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাত’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সোচ্চার অবস্থানে নিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আগস্টের প্রথম দিনে ফার্মগেটে আরও কয়েকজন শিল্পীকে নিয়ে বৃষ্টিতে ভিজে ছাত্র-হত্যার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল ‘রেহানা মারিয়াম নূর’খ্যাত এই অভিনেত্রীকে।
উল্লেখ্য, ‘রেহানা মারিয়াম নূর’ সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেন আজমেরি হক বাঁধন। ২০২১ সালের ৭ জুলাই ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হয় সিনেমাটি। এছাড়া, ভারতীয় নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মিত হিন্দি ছবি ‘খুফিয়া’য় দেখা গেছে বাঁধনকে। কলকাতার সৃজিত মুখোপাধ্যায়ের আলোচিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছিলেন।
শুধু অভিনয়ে শেষ নয়, প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও পারভীন সুলতানা দিতি দম্পতির মেয়ে লামিয়া চৌধুরী পরিচালনা করছেন সিনেমা ‘মেয়েদের গল্প’। ছবিটির নির্বাহী প্রযোজক আজমেরি হক বাঁধন। বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত ছবি ‘এশা মার্ডার: কর্মফল’।
