দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ওই বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এ হামলায় তাঁর একজন দেহরক্ষীও গুরুত্বর আহত হয়েছেন।
হামাস এবং অন্য দুটি নিরাপত্তা সূত্রের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানায়, লেবাননের সীমান্ত থেকে প্রায় ৬০ কিলোমিটার (প্রায় ৪০ মাইল) দূরে বন্দর শহর সিডনের দক্ষিণ প্রান্তে এই হামলার ঘটনা ঘটে। হামলায় হামাসের নিরাপত্তা কর্মকর্তা সামের আল-হাজ নিহত হন। তিনি ফিলিস্তিনিদের নিকটবর্তী শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র।
গত সপ্তাহে একই এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। এর আগে জানুয়ারিতে বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরৌরি নিহত হন।
লেবাননে ফুয়াদ শুকর নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হন। হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হামাস ও হিজবুল্লাহ।
লেবাননের দক্ষিণাঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের। গাজায় ইসরায়েলি অভিযান ও হামলা শুরুর পরদিন থেকেই হামাস ও গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর থেকে পাল্টা হামলা শুরু করে আইডিএফও।
আজ দশ মাস ধরে গাজা উপত্যকা এবং ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাত চলছে।
