আর্জেন্টিনার ‘স্পাইডারম্যান’ ১২২০ কোটি টাকায় আতলেতিকোতে

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:৪৯ পিএম

ম্যানচেস্টার সিটি ছেড়ে হুলিয়ান আলভারেজ নাম লেখালেন আতলেতিকো মাদ্রিদে। ক্লাব ইতিহাসে রেকর্ড দামে আলভারেজকে বিক্রি করেছে সিটি। আনুষ্ঠানিকভাবে সোমবার তাকে বরণ করে নিয়েছে স্প্যানিশ এই ক্লাবটি। এক বিবৃতিতে আলভারেজকে ছয় বছরের চুক্তিতে দলে টানার ঘোষণা দিয়েছে আতলেতিকো। তবে ট্রান্সফার ফি প্রকাশ করেনি স্প্যানিশ ক্লাবটি।

ইংলিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাব ইতিহাসে রেকর্ড ৯ কোটি ৫০ লাখ ইউরোতে আলভারেজকে বিক্রি করেছে সিটি, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ২২০ কোটি টাকারও বেশি।। সে প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে সিটিকে ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে আতলেতিকো। বিভিন্ন শর্তপূরণ সাপেক্ষে আরও ২ কোটি ইউরো যোগ হবে এ দলবদলে।

চুক্তি সম্পন্ন হওয়ার পরেই আলভারেজকে নিয়ে অনেকগুলো মজার টুইট করেছে আতলেতিকো। এর মধ্যে একটি টুইটে স্পাইডার ম্যানের গ্রাফিকস শেয়ার করেছে তারা। সেই ছবিতে স্পাইডারম্যানকে অবশ্য কিছুটা ‘বিকৃত’ দেখাচ্ছে। তবে সেটা সে আলভারেসের আগমন উপলক্ষ্যে, এটা না বললেও চলে। সাবেক সিটি তারকা যে স্পাইডার নামেও পরিচিত।

আর্জেন্টিনার ক্লাব আতলেতিকো কালচিনের বয়স ভিত্তিক দলে থাকার সময়ই এ নামে ডাকা শুরু হয় আলভারেজকে। এছাড়া গোল উদযাপনের সময়ও হাতের আঙুল মাকড়সার পায়ের মতো বাঁকিয়ে উদযাপন করেন আলভারেজ। স্পাইডারম্যানের সে গ্রাফিকসটি দেখে মনে হতে পারে ‘প্রাইমারি লেভেলের’ কেউ কাঁচা হাতে সেটি বানিয়েছে। এ নিয়ে অবশ্য মজাও করেছে আতলেতিকো, ক্যাপশনে তারা লিখেছে, ‘দুঃখিত, আমাদের গ্রাফিকস ডিজাইনার বাইরে আছেন।’

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে রিভারপ্লেট থেকে আলভারেজকে মাত্র ১ কোটি ৪০ লাখ পাউন্ডে দলে টানে সিটি। অবশ্য সে মৌসুমের বাকিটা সময় ধারে রিভারপ্লেটেই খেলেছেন আলভারেজ। সিটির জার্সিতে গত দুই মৌসুমে সব মিলিয়ে ১০৩ ম্যাচে ৩৬ গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সর্বশেষ মৌসুমেও ৫৪ ম্যাচে ১৯ গোল করে সিটিকে টানা চতুর্থবারের মতো লিগ জেতাতে বড় অবদান রেখেছেন ২৪ বছর বয়সী এ তারকা। তবে আর্লিং হালান্ডের ছায়ায় ঢাকা ছিলেন মৌসুমজুড়েই। ফলে অনেকটা সময় কাটাতে হয়েছে বেঞ্চে বসেই।

নতুন ক্লাবের হয়ে আর্জেন্টাইন তারকা ১৯ নম্বর জার্সি পরে খেলবেন। ইনস্টাগ্রাম বার্তায় আলভারেজ লিখেছেন, ‘অনেক আবেগ সঙ্গে করে দুর্দান্ত এই ক্লাবটাকে বিদায় জানাচ্ছি। এখানে দুটি স্পেশাল বছর কেটেছে। এ সময়ে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে আমি অনেক কিছু শিখেছি। এই পরিবারের অংশ হতে পেরে সবসময় আমি খুব গর্বিত হব, ম্যানচেস্টার সিটি সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

বেনফিকা থেকে ২০২২ সালে সিটিতে নাম লিখিয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান আলভারেজ। । ইংলিশ ক্লাবটির জার্সিতে দুই মৌসুমে সব মিলিয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। সিটিতে থাকতেই ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছেন। ক্লাব ছাড়ার আগেই জাতীয় দলের হয়ে দ্বিতীয় কোপার স্বাদও পেয়েছেন ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত