টানা ছয় মৌসুম পিএসজিতে খেলার পর এই মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের মাদ্রিদে অভিষেক হয়েছে শিরোপায়। পুরোপুরি সেখানেই থিতু হয়েছেন তিনি। কিন্তু তার নাম এখনও উচ্চারিত হয় প্যারিসে।
ক্লাব ছাড়ার আগে নিজেকে পিএসজির ইতিহাসের অংশ হিসেবে অধিষ্ঠিত করেছেন এমবাপ্পে। পিএসজির নতুন মৌসুম শুরুর আগে সংবাদ সম্মেলনে এমবাপ্পেকে নিয়ে যে প্রশ্ন আসবে, সেটা অনুমিতই ছিল।
সাবেক শিষ্যকে নিয়ে প্রশ্নে কিছুটা বিরক্তিই প্রকাশ করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে বিরক্ত হলেও এমবাপ্পের জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি।
এমবাপ্পের শূন্যতা নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে প্রশ্নটি করেছিলেন এক স্প্যানিশ সাংবাদিক। জবাবে এনরিকে বলেছেন, ‘ঈশ্বর, এসব স্প্যানিশরা কত্ত বিরক্তিকর… ঈশ্বর, আপনি এখনো সেখানেই পড়ে আছেন। আর কতদিন সেখানে আটকে থাকবেন?’
প্রশ্ন শুনে বিরক্ত হলেও এমবাপ্পের জন্য শুভ কামনা জানাতে ভোলেননি সাবেক স্পেন ও বার্সা কোচ, ‘যাই হোক না কেন, এখানে লুকানোর কিছু নেই। আমি সবসময় কিলিয়ানকে চেয়েছিলাম। ও দুর্দান্ত খেলোয়াড়। ওর ভাইয়ের (ইথান এমবাপ্পে) সঙ্গেও এ কথাটা যায়। আমি কিলিয়ানের সাফল্য কামরা করি এবং আশা করি, রেয়াল মাদ্রিদ আমাদের কাছে হারবে।’
