অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানি অ্যাথলেটকে মহিষ দিলেন শ্বশুর

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১০:১০ এএম

প্যারিসে এসে ৪০ বছর পর পাকিস্তানকে সোনা জিতিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম। এই অ্যাথলেট তাই ভাসছেন প্রশংসায়। নিজ দেশের অনেক সংস্থা ও ক্রীড়া ব্যক্তিত্বরা তাকে করেছেন পুরস্কৃত। তবে সবচেয়ে আলোচিত পুরস্কারটি তিনি পেলেন নিজের শ্বশুরের কাছ থেকে। এই জ্যাভেলিন থ্রোয়ার শ্বশুরের কাছ থেকে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি মহিষ।

মহিষ পুরষ্কার পাওয়া নিয়ে আলোচনা যখন চলছে। তখন মুখ খুলেছেন এই অ্যাথলেট। নিজের শ্বশুরের দেওয়া পুরষ্কার দেখে কিছুটা অবাক নাদিম হাসতে হাসতে জানিয়েছেন, তিনি জমি উপহার দিতে পারতেন।

পাকিস্তানের এআরওয়াই নিউজকে নাদিম এই ব্যাপারে কথা বলতে গিয়ে হাসিমুখে বলেন, ‘উনি (শ্বশুর মোহাম্মদ নাওয়াজ) আমাকে ৫ একর জমি দিতে পারতেন। তবে সমস্যা নেই, তিনি আমাকে মহিষ দিয়েছেন, এটাও সুন্দর।’

মহিষ দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে নাদিমের শ্বশুর নওয়াজ বলেছেন, ‘গ্রামের ঐতিহ্য অনুযায়ী মহিষ উপহার দেওয়া আমাদের এখানে অত্যন্ত মূল্যবান ও সম্মানের। নাদিম সাফল্য পেয়েও গ্রামকে ভুলে যায়নি।’

পাকিস্তান সর্বশেষ সোনা জিতেছিল ১৯৮৪ সালে হকিতে। এবার প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে অলিম্পিক্স রেকর্ড গড়ে গোল্ড স্বর্ণ জেতেন আরশাদ। ফাইনালে নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করেন। যা অলিম্পিকের ইতিহাসে রেকর্ড। এর আগে অলিম্পিকে এর চেয়ে বেশি দূরে কেউই জ্যাভেলিন থ্রো করতে পারেনি।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নাদিমকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত