১৩ বছর আগের সেই ঘটনায় হারুন-বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:০৭ পিএম

১৩ বছর আগের হত্যাচেষ্টার অভিযোগে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন হারুন অর রশীদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুক।

আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।

মামলায় জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, ২০১১ সালে হরতাল উপলক্ষে মিছিলের সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ন্যাম ভবনের সামনে এলে তাদের ওপর হামলা করেন তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশীদ ও সহকারী পুলিশ কমিশনার (এডিসি) বিপ্লব কুমার সরকার।

আজ সোমবার বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে শেরেবাংলা নগর থানায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হন বিএনপির এই নেতা। মামলাটি গ্রহণ করেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।

মামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে ২০১১ সালে দুই দিনের হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতাল চালাকালীন আমার সহযোদ্ধাদের নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলাম। তখন পুলিশ কর্মকর্তা হারুন-বিপ্লবসহ তার অধীনস্থ কর্মকর্তারা মিছিলে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার ওপর হামলা করে। এ সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। লাঠির আঘাতে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। আমার বাম পাশের কিডনি অচল হয়ে যায়। এ ঘটনায় আশরাফ উদ্দিন নিজামের নির্দেশে মামলা করতে গিয়েছিলাম। তখনকার পুলিশ কর্মকর্তা ভেতরে ঢুকতে দেয়নি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে তিন দিনের মধ্যে তা বাতিল করে দেন। পরে পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা দেয়। সেই মামলায় আজ পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত