বিসিবির সভা কাল, পদত্যাগ করতে পারেন পাপন

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভা হবে আগামীকাল বুধবার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে তা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। যেখানে অনলাইনে যুক্ত হতে পারেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আর সেই সভাতেই তিনি পদত্যাগপত্র পেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। সেটা গৃহীত হওয়ার পর নতুন সভাপতির নামও ঘোষণা করা হতে পারে সেখানেই।

বিসিবির নির্ভর যোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে সভাপতি করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

পাপনের আগে বিসিবি থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে ছিলেন। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। জালাল ইউনুসের শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে। সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

এই প্রক্রিয়ায় যাওয়ার আগে অবশ্য নাজমুলকে পদত্যাগ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামীকালের সভায়ই হয়তো তার পদত্যাগপত্র পাওয়া যাবে। তবে সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিসিবিতে তিনি পদত্যাগপত্র দেননি। অন্য কোথাও দিয়েছেন কি না, সেটিও জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত