দেশে রাজনৈতিক পালাবদল। তারপর আবার বিসিবিতে চলছে ‘শীতল অস্থিরতা’। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট দল আছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এসে জানালেন নিজেদের প্রস্তুতির কথা। সামনে অনেক চ্যলেঞ্জ অপেক্ষা করলেও তার কণ্ঠে শোনা গেল ভালো পারফরম্যান্সের প্রত্যাশার কথা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এই সিরিজে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তবে সম্প্রতি তার রাজনৈতিক বিপর্যয়ও হয়েছে। সংসদ বিলুপ্ত হওয়ায় হারিয়েছেন সাংসদ পদও। মানসিকভাবে তাই তিনি কতটা প্রস্তুত দলকে উজার করে দিতে। এমন প্রশ্নে শান্ত অবশ্য সব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন।
রাজনৈতিক জীবন থেকে ক্রিকেটকে আলাদা করতে সাকিবের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন শান্ত। বলেছেন, ‘আমার মনে হয় না এটা তার ওপর প্রভাব ফেলবে কারণ তিনি একজন পেশাদার ক্রিকেটার এবং আমরা সবাই তাকে সেভাবেই বিবেচনা করি। তিনি এত দীর্ঘ সময় ধরে এই খেলাটি খেলেছেন যে তিনি তার ভূমিকা এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় তা জানেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভাবছি না, আশা করছি এই সিরিজে তিনি বিশেষ কিছু করবেন।’
দেশে গত কয়েক দিনের পরিস্থিতি তাকে কীভাবে ছুঁয়ে গেছে, এমন আরেকটি প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই খুবই ভুগেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
নাজমুল আরও বলেন, ‘তবে সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল, প্রতিটি পরিবারের জন্য, প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, ভালোভাবে আমরা কাটাতে পারব। আর ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলতে পারি। এটাই আশা করছি।’
এক ওভারে ৩৯ রানের ইতিহাস
বিসিবির সভা কাল, পদত্যাগ করতে পারেন পাপন
মেসি কবে মাঠে ফিরবেন, মার্তিনো জানালেন