প্রেসিডেন্ট হলে ইলন মাস্ককে উপদেষ্টা বানাতে চান ট্রাম্প

  • নির্বাচিত হলে ইলন মাস্ককে মার্কিন প্রশাসনের অংশ হিসেবে চান ডোনাল্ড ট্রাম্প
  • নির্বাচনে জিতলে বৈদ্যুতিক গাড়ি ক্রয়ে ক্রেতার কর বাতিলের চিন্তা করবেন তিনি
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মার্কিন প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ককে মার্কিন প্রশাসনের অংশ হিসেবে নিতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় প্রচারণা অনুষ্ঠানের পরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি মাস্ককে মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।‘

ট্রাম্প বলেন, ‘তিনি (মাস্ক) একজন খুব স্মার্ট লোক। আমি অবশ্যই উপদেষ্টা বা মন্ত্রিসভার ভূমিকায় মাস্কের নামকরণের বিষয়ে বিবেচনা করব। তিনি অত্যন্ত মেধাবী মানুষ।‘

জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর ইলন মাস্ক তাকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন জানান।

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিটি বৈদ্যুতিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে ৭ হাজার ৫০০ ডলার কর দিতে হয়। প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে এই কর তিনি বাতিল করবেন কি না তা বিবেচনা করে দেখবেন বলেও জানান ট্রাম্প। এ সময় বৈদ্যুতিক গাড়ির প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেন তিনি।

এদিকে স্পেস এক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক সরাসরি কখনও রাজনীতি না করলেও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মাঝে মাঝেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।

ট্রাম্পের সাক্ষাৎকারের পর টেসলার সাথে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি প্রতিষ্ঠানটি, জানিয়েছে রয়টার্স।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত