স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দুর্ব্যবহারের নিন্দা ও প্রতিবাদ ড্যাবের

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কতিপয় ব্যক্তির দুর্ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (২০ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার (১৯ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী হাসপাতালে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিগত ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকারের দোসর, উচ্চপদে আসীন ও সুবিধাভোগী অধ্যাপক ডা. রোবেদ আমিনের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে কথা বলতে যান। এমতাবস্থায় কতিপয় ব্যক্তি উপদেষ্টার সঙ্গে অসৌজন্য আচরণ করেন যা মোটেও কাম্য নয়।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম। বিবৃতিতে তারা জানান, ড্যাবের কোনো চিকিৎসক উক্ত ঘটনার সঙ্গে জড়িত নয়। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গতকাল ড্যাবের কোন সাংগঠনিক কর্মসূচি ছিল না।

ড্যাবের নেতৃদ্বয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং এই অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতকে বিনির্মাণের জন্য যে সকল গঠনমূলক পদক্ষেপ নিবেন ড্যাব তাতে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাবে বলে জানান।

বিবৃতিতে বিগত ফ্যাসিষ্ট সরকারের দোসর নয় এমন একজন সৎ ও যোগ্য চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে পদায়নের জন্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত