সৈয়দা রিজওয়ানা বললেন

অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে সরকার

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:১৮ এএম

তিস্তাসহ অভিন্ন নদীর বিষয়ে ভারতের সঙ্গে অন্তর্র্বর্তী সরকার কথা বলবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের প্রত্যাশার কথা ভারতকে জানানো হবে। প্রয়োজনে আন্তর্জাতিক মহলকেও জানানো হবে।

গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নতুন করে আর কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, যাদের লাইসেন্স বা ছাড়পত্র নেই সেগুলো বন্ধ করে দেব। তিনি আরও বলেন, আশপাশের দেশেও মাটি দিয়ে পোড়ানো ইট নেই। ব্লক ইট প্রস্তুতের যে উপাদানগুলো লাগে সেগুলো আমদানির বিষয় আছে। অবৈধ ইটভাটার ক্ষেত্রে কোনো সহানুভূতি দেখাবো না। সেগুলো বন্ধ হলে উন্নয়নে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি না।

সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পলিথিনের বিরুদ্ধে অভিযান কার্যক্রম শুরু হবে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘দোকানে গিয়ে আমি আপনিও বলি না পলিথিন ব্যাগ দিচ্ছেন কেন, এটা তো নিষিদ্ধ। আমরাও তো হাতে করে নিয়ে আসি। মার্কেটগুলোতে গিয়ে ১৫ থেকে ২০ দিন, প্রথমে আমরা বলব তারপর অভিযানে যাব।’

বায়ুদূষণ এক দিনে সমাধান হবে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘এখানে মেগা পরিকল্পনা চলছে কিন্তু বায়ুদূষণে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, সেই জায়গাটা আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। কনস্ট্রাকশন হবে, কিন্তু বায়ুদূষণ করে কনস্ট্রাকশন হতে পারবে না। শীতের আগে যেন বায়ুদূষণের কয়েকটি উৎসকে নিয়ন্ত্রণ করতে পারি,  সেজন্য বিস্তারিত কর্মপরিকল্পনা করছি।’

বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বেঠক ইস্যুতে এই উপদেষ্টা বলেন, ‘বিশ্ব ব্যাংক পরিবেশ ও বন মন্ত্রণালয়কে এবং পরিবেশ অধিদপ্তরকে কিছু কিছু প্রকল্প সহায়তা দিচ্ছে। সেগুলো নিয়ে আলোচনা হলো। তাদের প্রত্যাশাটা কী, এবং এই প্রত্যাশাটা আমরা যত তাড়াতাড়ি পূরণ করতে পারব তত তাদের পক্ষে সম্ভব হবে এই অন্তর্র্বর্তী সরকারকে আমাদের এই প্রকল্পগুলোর মাধ্যমে বাজেট সহায়তা দেওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত