ভারতে ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে নিহত ১৭

  • এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে
  • বিস্ফোরণের সময় বেশিরভাগ কর্মী প্লান্টে না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:০৪ এএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লেতে এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২১ জুলাই) প্রদেশটির আনাকপল্লের অচ্যুতপুরমের বিশেষ অর্থনৈতিক জোনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ অর্থনৈতিক জোনের এক্সেনসিয়া ফার্মা নামের একটি কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জেলা কালেক্টর জানিয়েছেন "প্ল্যান্টের চুল্লি থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেনি।" তবে কর্মকর্তাদের ধারণা, বিদ্যুতের কারণে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে। প্ল্যান্টটিতে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন।

ভয়াবহ এ বিস্ফোরণটি হয়েছে দুপুরের খাবারের বিরতির সময়। ফলে বেশিরভাগ কর্মী ওই সময় প্লান্টের ভেতর ছিলেন না। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আগুন নেভাতে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং লোকদের উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়েছে। এছাড়া ইউনিটের ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু আগামীকাল বিস্ফোরণস্থল পরিদর্শনে যাবেন। তিনি দুর্ঘটনার কারণে খুঁজে বের করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এক্সেনসিয়া ফার্মা ইন্টারমিডিয়েট রাসায়নিক এবং ফার্মা উপকরণ তৈরি করে থাকে। ২০১৯ সালে ২০০ কোটি রুপি বাজেট নিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত